
শেষ আপডেট: 22 August 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো: হস্টেল শব্দটির আক্ষরিক বাংলা করলে অর্থ দাঁড়ায় ছাত্র, শ্রমিক বা ভ্রমণকারীদের সস্তায় খাবার ও থাকার ব্যবস্থা থাকে। তবে ছাত্রছাত্রীদের জন্য শব্দটির অর্থ ছাত্রাবাস। অর্থাৎ যেখানে থেকে পড়াশোনা করার সুযোগ পান পড়ুয়ারা। স্কুল স্তর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়, দেশ বিদেশের সমস্ত জায়গাতেই দূর থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা হস্টেলে থেকে পড়াশোনা শেষ করেন। পড়ুয়াদের অনেকের কাছেই 'হস্টেল' শব্দটি আবেগের অপর নাম। আসলে ছাত্রাবাস যে অনেকটাই দ্বিতীয় বাড়ির মতো। সিনিয়র থেকে জুনিয়র কিংবা বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকা, খাওয়া, পড়াশোনা করতে করতেই জীবনবোধের পাঠও নাকি অনেকটাই শিখিয়ে দেয় এই হস্টেল জীবন। কিন্তু গত কয়েকদিনে সেই 'আবেগ'ই যেন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। জীবনবোধ, কিংবা সহজ কথায় বড় হওয়ার শিক্ষা দিতে গিয়ে আবেগের বদলে কি বিভীষিকার অপর নাম হয়ে উঠেছে এই হস্টেল-যাপন? (Jadavpur main hostel wall graffiti)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম ছাত্রমৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই এই প্রশ্ন উঠছে বারবার। শুধু যাদবপুরই নয়, কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়, কবিগুরুর সাধের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এমনই রাজ্যের বেশ কয়েকটি নামী স্কুলেও র্যাগিং-এর নামে চূড়ান্ত শারীরিক এবং মানসিক নির্যাতনের খবর উঠে এসেছে। বিশেষত যাদবপুরের প্রাক্তনীরা অনেকেই বিতর্কিত সেই মেন হস্টেলে র্যাগিং-এর দুঃসহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সমাজমাধ্যমে। পড়ুয়া থাকাকালীন তাঁদের নাকি হস্টেলে বিড়াল থেকে বাঘ হয়ে ওঠার পাঠ দেওয়া হত। এই 'নাকি'টুকু বলারও আর জায়গা থাকে না, যখন যাদবপুরের মেন হস্টেলের বিভিন্ন দেওয়ালে রীতিমতো খুল্লমখুল্লাভাবেই গ্রাফিত্তির মাধ্যমে সেই বার্তা দেওয়ার ছবি ধরা পড়ে।
এভাবেই কি হস্টেলের 'বাবা'দের জন্ম হয়? তার উত্তর যদিও এখন দিতে নারাজ পড়ুয়ারা। মেন হস্টেলের কুখ্যাত ৬৮ কিংবা ১০৪ নম্বর ঘর ছাড়াও করিডোর কিংবা অন্যান্য ঘরের দেওয়ালেও এমনই সব ছবি কিংবা লেখার দেখা মিলবে। তার কোনওটিতে লেখা, ‘রাত ১২টার পর প্রবেশ করুন’, তো কোনওটিতে আবার লাল টুকটুকে স্বপ্ন বেচতে নিষেধ করা হয়েছে 'বন্ধু'কে। কে বন্ধু? কেমন বন্ধু? বাঘ হয়ে ওঠার শিক্ষা পেতে গিয়ে যে লাল টুকটুকে স্বপ্ন বারান্দা থেকে নীচে পড়ে চুরমার হয়ে যায়, তার খবর কোন বন্ধু রাখে?
হস্টেলে ঢোকার মুখেই লেখা, 'ওয়েলকাম হোম'। সুদূর বগুলার এক হোম থেকে সেই 'সেকেন্ড হোম'-এ এসে উঠেছিল কিশোর এক ছাত্র, আর 'ফার্স্ট হোম'-এ ফেরা হয়নি তার (Jadavpur student death)।
যাদবপুর কাণ্ডে জোরালো তথ্যপ্রমাণ কি আছে? আদালতে খুনের মামলা টিকবে কিনা ধন্দে পুলিশ