
শেষ আপডেট: 19 August 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাতে থেকেও ছোট থেকেই অঙ্কের সঙ্গে সখ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur Case) অঙ্ক নিয়ে পিএইচডি করছেন হিমাংশু কর্মকার (Himangshu Karmakar)। ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার তাঁকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। পরে গ্রেফতার (arrested) করা হয় হিমাংশুকে। পুলিশের দাবি, কথায় অসঙ্গতি রয়েছে তাঁর।
সামশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ার ছেলে হিমাংশু। এক ভাই, এক বোন এবং মাকে নিয়ে তাঁর সংসার। দশ বছর আগে মারা গেছেন হিমাংশুর বাবা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও ক্লাস সিক্স থেকে মেধাবী হিমাংশুর পড়াশোনা শুরু হয় নবোদয় বিদ্যালয়ে। হিমাংশুর মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা। বাবার মৃত্যুর পর থেকে তিনিই চালিয়ে নিয়ে যাচ্ছেন সংসার। বড় দিদিও কলকাতায় পড়াশোনা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে। কিন্তু কীভাবে এমন ঘটনায় তাঁর নাম জড়াল তা তাঁরা জানেন না। তাঁকে গ্রেফতারের পর থেকেই নিমতিতার কর্মকারপাড়ায় হিমাংশুর বাড়িতে তালা। কথা বলার জন্য পরিবারের কোনও সদস্যকেই পাওয়া যায়নি।