দ্য ওয়াল ব্যুরো: রথের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাল ইসকন। নুসরত তা গ্রহণও করলেন।
ইসকনের তরফে আমন্ত্রণ পেয়ে যারপরনাই আপ্লুত নুসরত জাহান। তিনি যে রথযাত্রার দিন ইসকনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেকথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে। একটি ভিডিয়ো শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, কলকাতাবাসীদেরও অনুরোধ জানিয়েছেন ইসকনের রথাযাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি বলেন, “আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলাম, আছি এবং থাকবও। সে যাই হয়ে যাক না কেন!” অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই ট্রোল হতে হয়েছিল তুরস্ক থেকে সদ্য ডেস্টিনেশন ওয়েডিং সেরে ফেরা নুসরতকে। ফতোয়া জারি করে দেওবন্দরের একটি মুসলিম মৌলবাদী সংগঠন। মুসলিম ধর্মের মেয়ে হয়েও হিন্দু রীতি মেনে সিঁদুর পরার ‘অপরাধ’-এ নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করে ইসলামদের ওই সংগঠন।
ফতোয়া উড়িয়ে নুসরত বলেন, “আমি সর্বধর্ম সমন্বয়ের ভারতের প্রতিনিধিত্ব করছি, যা জাতপাত, ধর্মের বেড়াজালের উর্ধ্বে। মুসলিম হলেও আমি সব ধর্মকে সম্মান করি। আমার তো মনে হয় কোন ধর্ম অনুসরণ করব, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকলের রয়েছে। আর আমি কী পোশাক পরব, সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে। আমি মনে করি বিশ্বাস, পোশাক বিধির থেকেও অনেক বড়।”