
শেষ আপডেট: 21 June 2022 18:52
দ্য ওয়াল ব্যুরো: এক সময় ছিলেন জঙ্গিনেত্রী। সেখান থেকে ভাগ্যের ফেরে হয়ে গেলেন বিধায়ক। সর্বসমক্ষে তিনি বলেন, যোগই (Yoga) বদলে দিয়েছে জীবন। মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) প্রশিক্ষকের ভূমিকায় দেখা দিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এদিন ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসকদের যোগ শেখালেন মিতালি দেবী। ভাঙা পাজর নিয়ে যোগ ব্যায়াম দেখিয়ে সকলকে রীতিমত চমকে দেন তিনি।
ছোটবেলায় ভাল অ্যাথলিট ছিলেন। এরপর ক্যারাটেতে হাতেখড়ি। সেই সময় থেকেই নিয়মিত শুরু করেন যোগ চর্চা। কিন্তু তারপরেই জীবনের অন্ধকারতম অধ্যায়। নব্বইয়ের দশকের শেষ দিকে কেএলও জঙ্গিনেত্রী হিসেবে পুলিশের খাতায় নাম ওঠে মিতালির।
আরও পড়ুন: সিটে ভরসা নেই, আনিস মামলায় সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে পরিবার
তবে কথায় আছে, অন্ধকারের শেষেই মেলে আলোর খোঁজ। নিজের চেষ্টায় সেই জীবন থেকে বেরিয়ে এসে পরবর্তীতে সমাজের মূল স্রোতে ফিরে আসেন তিনি। আর তারপর কেরিয়ে নতুন অধ্যায়। জড়িয়ে পড়লেন সক্রিয় রাজনীতিতে।
মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনি সাতসকালে ধূপগুড়ি হাসপাতালে চলে আসেন। সেখানেই চিকিৎসকদের যোগ ব্যায়াম করে দেখান এই প্রাক্তন বিধায়ক। তাঁর যোগ ব্যায়াম দেখে অনেকেই হাততালি দিয়ে উৎসাহ যোগান।
পরে মিতালিদেবী জানান, যোগ ব্যায়াম তাঁর জীবন বদলে দিয়েছে। শুধু শারীরিকভাবে সুস্থ থাকা নয় মানসিক সুস্থতাতেও মহৌষধির কাজ করেছে যোগ।২০১৯ সালে ধূপগুড়িতে এক ভয়াবহ দুর্ঘটনায় পাঁজরের তিনটি হাড় ভেঙে যায় তাঁর। দীর্ঘদিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে ফেরার পর ফের নিয়মিত চালিয়ে যাচ্ছেন যোগ অভ্যাস। এখন সেই ভাঙা পাঁজর নিয়ে যোগ দেখিয়ে রীতিমত তাক লাগালেন তিনি।