দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ইস্যুকে খুঁচিয়ে তুলে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা জারি রেখেছে পাকিস্তান। সব সময়ের বন্ধু চিনকে পাশে নিয়ে বুধবারও সেই মঞ্চকেও ব্যবহার করার সুযোগ পুরোদমে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তবে চিনের জোরাজুরি ধোপে টিকল না। সূত্রের খবর, ওই রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ শুনতেই চাইলেন না পারিষদের স্থায়ী সদস্যেরা। উল্টে চিন ও ইসলামাবাদকে পষ্টাপষ্টি জানিয়ে দেওয়া হল, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চ এইসব আলোচনা শোনার জন্য নয়।
গত বছরের ৫ অগস্ট সংসদে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণা এবং জম্মু-কাশ্মীরকে বিভাজনের পর থেকেই আন্তর্জাতিক মহলকে পাশে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। চিন ছাড়া এর আগেও বহুবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকে খারিজ করে দেওয়া হয়েছিল। চিন ছাড়া রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্যদের প্রত্যেকেরই বক্তব্য ছিল, জম্মু-কাশ্মীর ভারত-পাক দ্বিপাক্ষিক বিষয়। সেই বিষয় হস্তক্ষেপ করতে চায় না রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবরউদ্দিন এ দিন ইসলামাবাদকে নিশানা করে বলেন, “মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে পাকিস্তান বরাবরই এই মিথ্যাচার করে আসছে। গতকালের বৈঠকেও তেমনটাই হয়েছে।”চিনের নাম না করেই আকবরউদ্দিন বলেন, “আমরা আবারও দেখলাম রাষ্ট্রপুঞ্জের শুধুমাত্র একজন সদস্যই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এই প্রসঙ্গ তুলল। কিন্তু বাকিদের দৃষ্টি আকর্ষণ করতে পারল না।”
গতকাল রাতে টুইট করে আকবরউদ্দিন বলেন, "রাষ্ট্রপুঞ্জে আমাদের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে। আর যারা মিথ্যা নিশান উড়িয়েছে তাদের সঠিক জবাব দিয়েছে আমাদের বন্ধুরা।"
https://twitter.com/AkbaruddinIndia/status/1217513116814249984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1217513116814249984&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fworld-news%2Fchina-raises-kashmir-at-unsc-stung-by-silence-from-others%2Fstory-Hcao0nsZuVmUg99qWoslXJ.html
৩৭০ অনুচ্ছেদ রদের পর পরই রাষ্ট্রপুঞ্জে একই রকম একটি বৈঠক হয়েছিল গত অগস্টে। সেই বৈঠকেও মুখ পুড়েছিল পাকিস্তানের। কারণ চিন ছাড়া আর কাউকেই পাশে পায়নি ইসলামাবাদ। গতকালের বৈঠকেও চিন ছাড়া ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড--চার দেশের রাষ্ট্রপ্রধানদের কেউই কাশ্মীর প্রসঙ্গে নিজেদের মতামত প্রকাশ করেননি। কূটনৈতিক মহলের দাবি, এবারের বৈঠকও কার্যত ভারতের পাশে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছে চার দেশের প্রতিনিধিরা।