
শেষ আপডেট: 16 August 2022 10:58
দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন ধরে ডাম্পিং গ্রাউন্ডে (Dumping Ground) ফেলে যাওয়া হচ্ছে সদ্যোজাত (Infant) শিশু ও ভ্রূণ (Foetus)! কারওর নাকি চোখও ফোটেনি! এমনই মারাত্মক অভিযোগে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল উলুবেড়িয়া (Uluberia) পুরসভার (Municipality) ৩১ নম্বর ওয়ার্ড।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার সকালে ১৮ টি সদ্যোজাত শিশুর মৃতদেহ এবং ভ্রুণ ফেলে দিয়ে যাওয়া হয় ৩১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে। আর তা দেখতে পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই ধরনের কাণ্ড ঘটেছে। ভ্রূণহত্যা বেআইনি হওয়া সত্ত্বেও উলুবেড়িয়ার নার্সিংহোমগুলিতে নাকি রমরমিয়ে চলে এই ধরনের কাজ কারবার। তার জেরেই কখনও কয়েক ঘণ্টার চোখ না ফোটা সদ্যোজাত, কখনও বা দু-তিন মাসের শিশু, কখনও বা ভ্রূণ প্লাস্টিকের কৌটোয় করে ফেলে দিয়ে যাওয়া হয় ডাম্পিং গ্রাউন্ডে, এমনটাই দাবি স্থানীয়দের।
প্রত্যেকদিনই দু-তিনটি করে ভ্রূণ ফেলে যাওয়া হয় এলাকায়। খোলা জায়গায় পড়ে থাকা সেই ভ্রূণ কাক বা কুকুর মুখে করে নিয়ে চলে যাচ্ছে লোকবসতির মাঝে। পুরসভায় একাধিকবার জানিয়েও এর কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকার মানুষজন। এদিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশও। তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
মৃতদেহ ও ভ্রূণগুলি উদ্ধার করেছে পুলিশ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে সেগুলি।
‘অত্যাচারী’ ভাসুরের পুরুষাঙ্গ কেটে নিয়েছে পল্লবী! হাওড়াকাণ্ডে ববিট সিনড্রোমের ছায়া