
শেষ আপডেট: 18 November 2022 07:29
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেনারেটর (Generator ) চালু করতেই নড়াচড়া করে উঠল ঘাপটি মেরে লুকিয়ে থাকা গোখরো (Indian Cobra)! দেহের কিছুটা অংশ বাইরে দেখেই সাপ উদ্ধারে হাত লাগালেন পরিবেশকর্মীরা। রীতিমতো কসরত করে গোখরো সাপটিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হল। হাঁফ ছেড়ে বাঁচলেন ব্যাঙ্কের কর্মী ও গ্রাহকরা।
বৃহস্পতিবার জলপাইগুড়ির রায়কত পাড়ায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের (Jalpaiguri Bank) শাখায় সকাল থেকে নিয়মমাফিকই চলছিল কাজকর্ম। বেলা গড়াতেই ছন্দপতন। ব্যাঙ্কে আসা এক গ্রাহক দেখতে পান, ব্যাঙ্কের ভিতরে থাকা জেনারেটের নীচে ঢুকছে একটি মস্ত গোখরো সাপ। আতঙ্কিত হয়ে পড়েন ওই গ্রাহক। তাঁর মুখে এ কথা শুনে হতচকিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, গ্রিন জলপাইগুড়ির অফিসে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসে সংস্থার সম্পাদক অঙ্কুর দাস।
এসে দেখেন সাপটি জেনারেটরের নীচে থাকা সামান্য ফাঁকা জায়গার ভিতর আশ্রয় নিয়েছে। অনেক চেষ্টার পরেও তাকে বার করতে না পেরে অবশেষে জেনারেটর চালু করা হয়। জেনারেটরের কম্পনে সাপটি খানিকটা বেরিয়ে এলে দ্রুত হাত চালিয়ে তাকে কব্জা করেন পরিবেশকর্মীরা।
পরিবেশকর্মী কর্মী অঙ্কুর দাস জানান, এটি একটি স্পেকটিক্যাল কোবরা ছিল। উদ্ধারের পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন তিনি।
লালু-ভুলুদের পাশেই মিড ডে মিল খাচ্ছে কচিকাঁচারা! রাজগঞ্জের স্কুলে গিয়ে অবাক বিডিও