
শেষ আপডেট: 17 February 2024 09:02
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের অনুন্নয়নের অভিযোগে গত বুধবার থেকে টানা তিনদিন দার্জিলিং ও কালিম্পং প্রশাসনিক.ভবনের সামনে ধর্না কর্মসূচি করেছে অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
এবার একই অভিযোগে আগামী সোমবার, ১৯ ফেব্রুয়ারি থেকে পাহাড়ের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ধর্না, মিছিল কর্মসূচি করতে চলেছে মোর্চা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, মিশন জনজাগরণ।
অনিত থাপার অভিযোগ, ‘‘গত ১৫ বছর ধরে উন্নয়নের পরিবর্তে পাহাড়ের মানুষের সঙ্গে বঞ্চনা, ধোঁকাবাজি করেছে বিজেপি। মিশন জনজাগরণের মাধ্যমে আমরা পাহাড়ের মানুষকে বিজেপির বিরুদ্ধে সচেতন করব।"
মাস দেড়েক পরেই লোকসভা ভোট। তার আগে মোর্চার এই আন্দোলনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, পাহাড়ের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত প্রজাতান্ত্রিক মোর্চার দখলে। স্বভাবতই, তাদের এই আন্দোলন ভোটের মুখে মানুষকে প্রভাবিত করতে পারে।
বিষয়টির দিকে পাহাড়ের নেতৃত্বকে নজর রাখার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ভোটের মুখে মোর্চার এমন আন্দোলন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। যদিও বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, "দুর্নীতিতে জেরবার তৃণমূল সরকার। তাই ভোটের মুখে পাহাড়ের মানুষের নজর ঘোরাতে এই সব করা হচ্ছে। আমরা সেদিকে নজর রাখছি।"