লকডাউনেও কর্মীদের ১০০ শতাংশ বোনাস দিল পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা টিসিজি লাইফসায়েন্সেস, নতুন কর্মীও নিয়োগ করবে তারা
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সংক্রমণের ধাক্কায় অর্থনীতি যখন টালমাটাল তখন একের পর এক বিদেশি লগ্নি টেনে হই হই ফেলে দিয়েছে রিলায়েন্স জিও। বাঙালি শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আবার অন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন। পূর্ণেন্দুবাবুর মালিকানাধীন টিসিজি লা
শেষ আপডেট: 8 June 2020 12:52
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের সংক্রমণের ধাক্কায় অর্থনীতি যখন টালমাটাল তখন একের পর এক বিদেশি লগ্নি টেনে হই হই ফেলে দিয়েছে রিলায়েন্স জিও। বাঙালি শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আবার অন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন। পূর্ণেন্দুবাবুর মালিকানাধীন টিসিজি লাইফসায়েন্সেস করোনা মহামারীর মধ্যে তাদের কলকাতার সদরদফতর ও হায়দরাবাদের অফিসের সমস্ত কর্মীকে ১০০ শতাংশ বোনাস দিল।
শুধু তাই নয়, টিসিজি জানিয়েছে প্রতিষ্ঠান নীতি অনুযায়ী এ বছরও নতুন কর্মী নিয়োগ করবে তারা। কর্মী সংখ্যা আরও ১৫ শতাংশ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমান কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির প্রক্রিয়াও শুরু হয়েছে। পাশাপাশি চলতি প্রতিকূল পরিস্থিতিতে প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মী তাঁদের কাজ ও গবেষণার ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দিতে বিশেষ রিওয়ার্ডস প্রোগ্রামের পরিকল্পনা করেছে টিসিজি।
করোনাভাইরাসের সংক্রমণের ধাক্কায় দেশজুড়ে যে লকডাউন চলছে তার জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেক প্রতিষ্ঠিত বাণিজ্যিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে বা কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে। শ্রমিক সংগঠনগুলির মতে, কোভিডের কারণে বহু প্রতিষ্ঠান সংকটে পড়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু এও ঠিক, যে প্রতিষ্ঠানগুলির এই ঝড় সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে, তাদের অনেকেই সুযোগকে কাজে লাগিয়ে কর্মী ছাঁটাই করছে বা বেতন কমিয়ে দিয়েছে।

স্বাভাবিক ভাবেই এই নেতি নেতি-র মাঝে টিসিজি-র দৃষ্টান্ত ইতিবাচক। টিসিজি লাইফসাইন্সেসের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী স্বপন ভট্টাচার্য বলেন, "করোনা মহামারী শুধু বহু মানুষের প্রাণই কেড়ে নেয়নি, আমাদের অর্থনীতিরও অপরিসীম ক্ষতি করে দিয়েছে। লকডাউনের সময় থেকেই আমরাও ব্যবসার ক্ষেত্রে খুবই কঠিন সময়ের মুখোমুখি হয়েছি। কিন্তু, আমি বিশ্বাস করি যে আমাদের কর্মীরাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই এই সংকটের মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়ানোই এখন সবথেকে গুরুত্বপূর্ণ।"