
শেষ আপডেট: 24 December 2022 08:34
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সান্টার কাছে চিঠি পাঠিয়ে উপহার চেয়েছিল ছোটরা। উপহার পৌঁছতে বাইক নিয়ে ছুটলেন সান্টাক্লস (Santa Claus ) । বড়দিন এসে গেল যে!
শুধু একদিন নয়, সান্টাক্লজের হাত থেকে উপহার পাওয়ার জন্য বছরভর শহরের খুদেরা তাকে চিঠি বা মেসেজ পাঠিয়ে রাখে। যারা চিঠি পাঠায়, তাদের নাম খাতায় লিখে রাখেন ভোলা জেঠু। বড়দিনের ঠিক আগের দিন সান্টাক্লজ সেজে বাইক চালিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে তুলে দেন উপহার। গত ৫০ বছর ধরে এভাবেই ছোটদের আনন্দ দিচ্ছেন জলপাইগুড়ি (Jalpaiguri) নয়াবস্তি পাড়ার বাসিন্দা ভোলা মণ্ডল (Bhola Mondal)। তাঁর পোশাকি নাম সুহৃদ মণ্ডল।
পোস্ট অফিসের কর্মী ছিলেন ভোলাবাবু। এখন অবসর নিয়েছেন। চাকরি করার সময় প্রতিমাসে মাইনের টাকা থেকে একটা অংশ সরিয়ে রাখতেন। বড়দিন আসলে সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে কেক, চকোলেট, খেলনা, জামাকাপড় ও বিভিন্ন ধরনের উপহার কিনতেন। ঠিক বড়দিনের প্রাক্কালে সান্টাক্লস সেজে শহরের রাস্তায় বেড়িয়ে পথ চলতি ছোটদের মধ্যে উপহার বিলি করতেন। এখন অবসর নিলেও সেই রুটিনে ছেদ পড়েনি।
ভোলাবাবু জানান, ১৯৭৪ সালে তিনি চাকরি পেয়েছিলেন। কিন্তু তার আগে থেকেই বড়দিন আসলেই ছোট বড় সবার মধ্যে উপহার বিলি করেন। তাঁর কথায়, “এই দিনটির জন্য আমি মাইনের টাকা থেকে ৫ কিংবা ৬ হাজার টাকা করে প্রতিমাসে জমাই। আর বছরভর অপেক্ষা করে থাকি কবে বড়দিন আসবে। ছোট বাচ্চারা আমাকে চিঠি লেখে। কেউ আবার মেসেজ পাঠায়। তাদের যতজনের বাড়িতে যাওয়া সম্ভব যাই। গিয়ে তাদের হাতে উপহার তুলে দিই।”
বাতাসে হিমহিম ভাব এলেই ছোটদেরও অপেক্ষা শুরু হয়ে যায়। কবে আসবে বড়দিন! আর তাদের দরজায় কড়া নাড়বে সান্টাক্লজ।
বিএসএফের গুলিতে নিহত দিনহাটার যুবক! গরু পাচারের 'ভুয়ো' অভিযোগ