
শেষ আপডেট: 23 September 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জলমগ্ন সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক, কয়েকজন যাত্রী সহ একটি ট্রাক্টর! বাঁকুড়ার (Bankura) মেজিয়ার রামচন্দ্রপুর এলাকার ঘটনা। অল্পের জন্য চালক সহ অন্যান্য যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। তবে গোটা ঘটনাটিকে ঘিরে স্থানীয় জনমানসে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
গত কয়েকদিন ধরে রাজ্যে জুড়ে টানা বৃষ্টিপাত চলছে। তারই জেরে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন নদী, খাল কার্যত টইটম্বুর। স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। স্থানীয়দের কাছে যা ‘রামচন্দ্রপুর জোড়’ নামেই পরিচিত। গত কয়েক দিনের বৃষ্টিতে রামচন্দ্রপুর জোড়ের সেতু জলমগ্ন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নীতিশ চক্রবর্তী বলেন, “জলের মধ্যে তীব্র স্রোত ছিল। তাই যাত্রী বোঝায় থাকার পরও ট্রাক্টরটি রেহাই পাইনি। সকলকে ভাসিয়ে নিয়ে যায় জলের স্রোত। যাত্রীরা সকলেই সাঁতার জানতো, তাই কোনও অঘটন ঘটেনি।” একইসঙ্গে তিনি বলেন, “এই সমস্যা প্রতি বছরের। তাই উঁচু সেতুর দাবি জানানোও হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই প্রাণের ঝুঁকি নিয়েই আমাদের যাতায়াত করতে হয়।”
আরও পড়ুন: কারচুপি হচ্ছে না তো! বৃষ্টি মাথায় আচমকা বারাসতের রেশন দোকানে খাদ্যমন্ত্রী