
শেষ আপডেট: 5 September 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন (Student Election) করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন (Student Election) না হওয়ার অভিযোগ রয়েছে। ওই সংক্রান্ত এক মামলার শুনানিতেই এদিন রাজ্যের কাছে কৈফিয়ত তলব করেন প্রধান বিচারপতি। এরপরই আদালতের স্পষ্ট নির্দেশ, সবদিক খতিয়ে দেখে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং-বিরোধী কমিটি তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court) । আদালত জানিয়েছে, ব্যাগিং বিরোধী কমিটি থাকলে অবিলম্বে সেগুলিকে সক্রিয় করতে হবে। কোথাও এই ধরনের কমিটি না থাকলে অবিলম্বে তা গঠন করতে হবে।
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলিত হয়েছিল সমাজ। সামনে এসেছিল ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ। এবিষয়েই রাজ্যের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিবেশ নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
সেই সূত্রেই উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গটি। মামলাকারীরা আদালতে জানান, ২০১৭ সাল থেকে রাজ্যের সিংহভাগ কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। এর ফলে সামগ্রিকভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সেই সূত্রেই মাথাচাড়া দিচ্ছে ব়্যাগিংয়ের মতো গুরুতর বিষয়গুলি। এবিষয়ে রাজ্যের সদিচ্ছা নিয়েও আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। এরপরই এবিষয়ে রাজ্যকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: মঙ্গলবারই যাদবপুরে আসছে ইসরোর দল, কোন কোন প্রযুক্তি ব্যবহার হবে, খতিয়ে দেখবে তারা