
শেষ আপডেট: 23 May 2023 11:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এগরার বাজি কারখানার বিস্ফোরণের পর একই ঘটনা ঘটেছে বজবজ, দুবরাজপুর, মালদহেও। মাত্র আট দিনের মধ্যে এক পর এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘুম উড়ে গেছে পুলিশের। বেআইনি ভাবে মজুত বাজি ও বাজি কারখানা (Illegal Fire Crackers Recovery) খুঁজতে তৎপর রাজ্য পুলিশ (Police)। সোমবার রাতে বারাসাত থেকে ২০০ কুইন্টাল বেআইনি বাজি উদ্ধারের পর উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) আরও দু’জায়গা থেকে বাজি উদ্ধার করল পুলিশ।

সোমবার রাতেই অশোকনগর থানার পুলিশ গোপনে অভিযান চালায়। কচুয়া মোড় এলাকার দুটি দোকান থেকে প্রায় ৩৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে। দোকান দুটির মালিককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শিবু কুড়ি ও সুজন দে মজুমদার। শিবুর বাড়ি কাকপুল এলাকায়। সুজন কচুয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
পাশাপাশি মঙ্গলবার বেলঘরিয়া থেকেও একশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। বিবেকানন্দ নগর অঞ্চলের বাসিন্দা টিঙ্কু মজুমদারের বাড়ি থেকে এই বাজি উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলবে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেট।
প্রসঙ্গত, সোমবার বারাসতের বাসিন্দা ইবাদত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ২০০ কুইন্টাল বেআইনি বাজি উদ্ধার করা হয়। এসডিপিও ও দত্তপুকুর থানার পুলিশের নেতৃত্ব এই অভিযান চালানো হয়। যদিও অভিযানের কথা টের পেয়ে ইবাদত এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছে। অন্যদিকে এদিন রাতেই দত্তপুকুরের বেআইনিভাবে বাজি মজুদের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
দুবরাজপুরে পরের পর বোমা-গুলি উদ্ধার, আতঙ্কের চোরাস্রোত বইছে দিনরাত