দ্য় ওয়াল ব্য়ুরো: ব্যালট লুঠ করে ইছামতীর জলে ভাসিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশের ডুবুরি এসে নদী থেকে তুলল সেই ব্যালট বাক্স। ভোট তখন প্রায় শেষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মধ্য সংগ্রামপুর এসএসকে স্কুলের বুথে হামলা করে দুষ্কৃতীরা। তিনটি ব্যালট বাক্স ছিনতাই করে লাগোয়া ইছামতী নদীর জলে ভাসিয়ে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। বসিরহাট থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ব্যালট বাক্স উদ্ধারের জন্য ডুবুরি নামায় তারা। অবশ্য ডুবুরি যতক্ষণে ব্যালট বাক্স তুলল ততক্ষণে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে সমস্ত ব্যালট পেপার।