
শেষ আপডেট: 14 May 2023 09:34
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সালিশি সভায় বুঝিয়েও বন্ধ করা যায়নি দাম্পত্য কলহ। অভিযোগ তার জেরেই স্ত্রীকে খুন (Wife Murder) করে পালাল অভিযুক্ত স্বামী। ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) হাঁসখালিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পূর্ণ মণ্ডল। হাঁসখালি থানার গোবিন্দপুর এলাকায় বাড়ি। সাত বছর আগে পিঙ্কি মণ্ডলের সঙ্গে পেশায় রাজমিস্ত্রি পূর্ণর বিয়ে হয়েছিল। এই দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ, বিয়ের পর থেকে পিঙ্কির উপর জুলুম করত পূর্ণ। স্ত্রীকে রোজ রাতে মারধর করত। স্বামীর অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল পিঙ্কির। পূর্ণকে সতর্ক করতে গ্রামের সালিশি সভায়ও তাকে ডাকা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
শুক্রবার রাতে ফের স্ত্রীকে মারধর শুরু করে পূর্ণ। সেই সময় স্ত্রীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পিঙ্কি। এতে ভয় পেয়ে যায় পূর্ণ। সে স্ত্রীকে ওই অবস্থায় তুলে প্রথমে বগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে পিঙ্কিকে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুরে সেখানেই মারা যান পিঙ্কি।
এরপরে উত্তেজিত জনতা পূর্ণর বাড়িতে ভাঙচুর করে। গণধোলাইয়ের ভয়ে বেপাত্তা হয়ে গিয়েছে পূর্ণ। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।
নতুন সিবিআই প্রধান হলেন প্রবীণ সুদ, সবার আগে লিখেছিল দ্য ওয়াল