
শেষ আপডেট: 27 November 2022 14:12
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী (Husband Agitating for Wife)। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাঁকে ফিরে আসতে দেওয়া হয়নি। অগত্যা কোনও উপায় খুঁজে না পেয়ে স্ত্রীকে ফেরত পেতে শ্বশুরবাড়ির সামনে গিয়ে ধর্নায় বসেছেন তিনি। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য স্বামীর এমন কাণ্ড সাড়া ফেলেছে পিংলা থানার (Pingla Police Station) জামনা এলাকায়।
সেক্টর ফাইভে অফিস খুলে প্রতারণার ফাঁদ! চক্রের জাল কাটল পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু বছর আগে পিংলার জামনার বাসিন্দা এক যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল কেশপুরের যুবক পীযুষ চক্রবর্তীর । সুখে কাটছিল তাঁদের সাংসারিক জীবন। গত ছয় মাস আগে পীযূষের স্ত্রীর এক আত্মীয় মারা যান। তাই ওই বধূ বাপের বাড়িতে গিয়েছিলেন। তারপর থেকে তিনি আর স্বামীর বাড়িতে ফিরে আসেননি। এদিকে পীযূষের দাবি, তিনি তাঁর স্ত্রীকে ফেরত পেতে শ্বশুরবাড়িতে গিয়ে অনুনয়-বিনয় করলেও কোনও লাভ হয়নি।
শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে নাছোড়বান্দা পীযূষ রবিবার সকাল থেকে পিংলার জামনায় শ্বশুরবাড়ির সামনে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন। এ ঘটনা চাউর হতেই আশেপাশের কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পিংলা থানার পুলিশ। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।