
শেষ আপডেট: 18 May 2023 06:44
দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণ কাণ্ড (Egra incident) নিয়ে মঙ্গলবার দুপুর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। অসংখ্য মানুষ মারা গিয়েছেন। বিস্ফোরণে পোড়া দেহ উদ্ধার হয়েছে গ্রামের রাস্তা, পুকুরের মধ্যে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার এগরা যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন (Human Rights Commission)। সূত্রের খবর, এসপি শান্তি দাস বসাকের (SP Shanti Das Basak) নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করবেন আধিকারিকরা।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই বাজি কারখানা নিয়ে কথা বলবে প্রতিনিধি দল। অভিযোগ, এই বাজি কারখানায় বহু মহিলাকে রীতিমতো হুমকি দিয়ে কাজ করানো হতো। এমনকী সেখানে কাজ করত বহু নাবালক-নাবালিকাও। এই ধরনের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতেই আজ এগরা যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন।
উল্লেখ্য, ইতিমধ্যে এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘটনার দিন বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'যারা এনআইএ চাইছে, তাঁরা চাইতেই পারে। আমার কোনও সমস্যা নেই।' তবে এরপর এই ঘটনার তদন্তভার সিআইডি'র হাতে তুলে দেয় রাজ্য।
এদিকে বৃহস্পতিবার সকালেই ওড়িশার কটকে ধরা পড়েছে ঘটনায় মূল অভিযুক্ত তথা ওই বাজি কারখানার মালিক ভানু বাগ ও তার ছেলে আর ভাইপো। তল্লাশিতে নেমেই পুলিশ জানতে পেরেছিল যে ভানু পরিবার-সহ পড়শি রাজ্য ওড়িশায় পালিয়েছে। সেই মতোই সেখানে গিয়ে খোঁজ শুরু হয়। তারপরেই জানা যায়, কটকের এক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সেই অভিযুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, ভানুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।