
শেষ আপডেট: 10 August 2022 05:33
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বাড়ির সামনের ল্যাম্পপোস্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল এক ছাত্রীর (Student)। ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ত বলে খবর। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসে সে। সেটাই কাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামে। মৃতের নাম তৃষা ধক। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় আমতা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ল্যাম্পপোস্টের আর্থিংয়ের তার খোলা অবস্থায় পড়ে ছিল। বিদ্যুৎ দফতরে খবর দিয়েও কোনও লাভ হয়নি। বিপজ্জনক অবস্থাতেই খোলা পড়ে ছিল বিদ্যুতের তার। যা থেকে এদিনের এই অঘটন। ফলে তড়িদাহত হয়ে ছাত্রীর মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।
ঘটনার পরপরই অবশ্য ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ল্যাম্পপোস্ট থেকে যে তার ঝুলছিল তাও দ্রুত সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ক্যানিংয়ে নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত