
শেষ আপডেট: 5 August 2022 07:05
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুজোর আগেই হতে পারে হাওড়া পুরসভার (Howrah Municipality) নির্বাচন। নির্বাচনের আগেই ভাঙা হবে ওয়ার্ড (Splitting Word)। ইতিমধ্যেই হাওড়া জেলা প্রশাসনের কাছে হাওড়া পুরসভার ওয়ার্ডের সীমানা নতুন করে তৈরির নির্দেশিকাও চলে এসেছে।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে যে ৫০টি ওয়ার্ড রয়েছে, সেগুলিকে ভাঙা হবে। ভাঙার পরে সেই সংখ্যা হবে ৬৬। সরকারি সুযোগ সুবিধা সমান ভাবে পৌঁছে দেওয়ার জন্যই ওয়ার্ড ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ওয়ার্ড বিভাজনের ক্ষেত্রে প্রাধান্য পাবে বিশেষত বড় ওয়ার্ডগুলি যেগুলি উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। এছাড়াও দেখা হবে জনসংখ্যা। হাওড়াতে এমন অনেক ওয়ার্ড আছে, যেখানকার জনসংখ্যা অনেকটাই বেশি। এবার সেগুলির দিকেও নজর দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।
ওয়ার্ড ভাঙার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক সৌমেন রায়কে। তাঁর সঙ্গে থাকবেন হাওড়া সদরের মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য। জেলাশাসকের উপস্থিতিতে ওয়ার্ডগুলিকে কীভাবে ভাঙা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার ক্ষেত্রে বিধানসভা সহমত হলেও তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর এর তীব্র বিরোধী ছিলেন। বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে কেন হাওড়া পুরসভার নির্বাচন করতে চায় সরকার তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাই ভোট বন্ধ ছিল হাওড়াতে।
এবার নতুন রাজ্যপাল আসতেই ফের হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে উঠেপড়ে লেগেছে রাজ্য সরকার। ৪৪ থেকে ৫০ নম্বর ওয়ার্ডকেই আগে ভাঙা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।
মিড-ডে মিলের রান্নাঘরে আগুন! কুলটির স্কুলে পুড়ে ছাই ২৫ হাজার টাকার খাদ্যসামগ্রী