
শেষ আপডেট: 14 November 2022 11:54
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ব্রিজে (Howrah Bridge) নিয়ন্ত্রণ হারিয়ে ৩ পথচারীকে ধাক্কা (Accident) মারল একটি বাস। ঘটনাস্থলেই পিষে গেলেন তিন জন, ২ জনের মৃত্যু হয়েছে (2 Died)। জখম এক জন ভর্তি হাসপাতালে। হাওড়া স্টেশন ঢোকার মুখে এই দুর্ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালককেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ২৮ নম্বর রুটের একটি বাস যাত্রী নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনের দিকে আসছিল। হাওড়া ব্রিজ পেরিয়ে স্টেশন ঢোকার সময়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। পিষে দেয় পথচারী এবং হকারদের।
তিন জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। এক জন চোট নিয়ে ভর্তি হাসপাতালে। এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাময়িক ভাবে থেমে যায় যানবাহন চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বাসটিকে আটক করে, চালককে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২৮ নম্বর রুটের ওই বাসটি রেষারেষি করছিল। সে জন্যই নিয়ন্ত্রণ হারায় সেটি। তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং গোলাবাড়ি ট্রাফিক গার্ড।
প্রাথমিকে নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানোর নির্দেশ হাইকোর্টের, শেষ তারিখ কবে