
শেষ আপডেট: 4 January 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ঘরে রয়েছেন প্রথম স্ত্রী (housewife)। এরপরেও দ্বিতীয়বার বিয়ে করেছেন স্বামী। এই নিয়েই প্রথম স্ত্রীর সঙ্গে জোর বচসা হত যুবকের। এরপরই শোওয়ার ঘর থেকে উদ্ধার হল ওই বধূর ঝুলন্ত দেহ। মঙ্গলবার এই রহস্যজনক মৃত্যু (mysterious death) নিয়ে জোর উত্তেজনা ছড়ায় মালদহের (Maldah) চাঁচল থানার হজরতপুর উত্তরপাড়া এলাকায়। যদিও সবারই প্রাথমিক অনুমান, ওই মহিলা স্বামীর দ্বিতীয় বিয়ের দুঃখে আত্মঘাতী হয়েছেন। তবে স্বামী-সহ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম পিঙ্কি প্রামাণিক (৩০)। বছর কয়েক আগে মালদহের চাঁচল থানার হজরতপুরের বাসিন্দা রাজু প্রামাণিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে দম্পতির দুটি কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। মাসখানেক আগে দ্বিতীয়বার বিয়ে করেন রাজু। এরপর থেকেই পরিবারে অশান্তি ছিল নিত্যদিনের সঙ্গী।
মঙ্গলবার সন্ধেয় সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, রাজুর দ্বিতীয় স্ত্রী প্রিয়া প্রামাণিক পিঙ্কিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মনে করা হচ্ছে, সেই অপমান সহ্য করতে না পেরেই আত্মঘাতী হন ওই বধূ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শোওয়ার ঘর থেকে মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
যদিও মৃতার বাপের বাড়ির অভিযোগ, পিঙ্কি খুবই শক্ত মনের মানুষ। ও শত কষ্টেও ভেঙে পড়ে না। ও আত্মহত্যা করতে পারে না। স্বামী আর সতীন মিলেই ওকে খুন করেছে। এই নিয়ে চাঁচল থানায় খুনের লিখিত অভিযোগও দায়ের করেছে সেই পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মোমিনপুর হিংসার তদন্তে নামল এনআইএ, ঘিরে ধরে বিক্ষোভ, উদ্ধার লক্ষ লক্ষ টাকা