
শেষ আপডেট: 5 December 2022 03:35
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাতসকালেই বিধ্বংস অগ্নিকাণ্ড। গড়িয়া স্টেশনের (Garia station) কাছে পূর্ব তেঁতুলবেড়িয়ায় একটি বসতবাড়ির দোতলায় আচমকাই আগুন লেগে যায় (house caught fire) সকালে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে পুরোদমে।
সূত্রের খবর, বাড়িটিতে বর্তমানে কেউ থাকে না। ফাঁকা পড়ে থাকা বাড়িটি একটি স্পিকার তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়। এই কারখানারই কোনও যন্ত্রাংশ থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। দমকল কর্মীরা বাড়িটির চারপাশে মই লাগিয়ে দোতলায় ওঠার চেষ্টা চালাচ্ছেন। আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বিভিন্ন যন্ত্রপাতি এবং মজুত করা কাঁচামালও পুড়ে ছাই হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।
তেঁতুলবেড়িয়ার ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। আগুন ধরে যাওয়া বাড়িটির গায়ে গায়ে রয়েছে একাধিক বাড়ি। সেগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
বাড়িটি আদতে একটি বসতবাড়ি, তাই কীভাবে সেটিকে স্পিকার তৈরির কারখানা হিসেবে কাজে লাগানো হচ্ছিল সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারখানাটি বেআইনি কিনা, আদৌ তা চালানোর জন্য প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে ধন্দে এলাকাবাসী।