
শেষ আপডেট: 18 May 2022 13:12
দ্য ওয়াল ব্যুরো: গোঘাট থানা থেকে তারকেশ্বর থানায় বদলি হয়েছেন। বুধবার ছিল বিদায় সম্বর্ধনা। একান্ত কেজো সেই অনুষ্ঠানকেই আন্তরিকতায় মুড়ে দিলেন বিদায়ী ওসি অনিল রাজ। গোঘাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার (Hooghly Civic Volunteer) রাজীব কুণ্ডুর দুটি কিডনিই খারাপ। ওসির (Office Incharge) উদ্যোগে পরিবারের একমাত্র রোজগেরে এই যুবকের কিডনি প্রতিস্থাপনের (Kidney Replacement যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিল পুলিশ।
গোঘাটের সাতবেরিয়া গ্রামে বাড়ি রাজীবের। বাবা বৃদ্ধ বিষ্ণুপদ কুণ্ডু কর্মক্ষমতা হারিয়েছেন। মা দৃষ্টিহীন। সিভিক ভলান্টিয়ার রাজীবই পরিবারের একমাত্র রোজগেরে। কিন্তু তাঁর দু'টি কিডনিই নষ্ট হয়ে গেছে। প্রাণ বাঁচাতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু তার জন্য অনেক টাকা চাই। দিন আনি দিন খাই পরিবারে জমি জায়গা বেচে কোনওমতে শারীরিক পরীক্ষাগুলি হয়েছে। চিকিৎসার পুরোটাই এখন বাকি।
ছেলেকে বাঁচাতে রাজীবের মা একটি কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করেন। এ কথা জানতে পেরেই উদ্যোগী হন গোঘাট থানার ওসি অনিল রাজ। রাজীবের কিডনি প্রতিস্থাপনের ব্যয়ভার বহন কীভাবে করা যায় সে ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন। পুলিশের পক্ষ থেকে কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা হয়। তিনি এভাবে উদ্যোগী হওয়ার পরে অন্যান্য পুলিশ আধিকারিকরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজীবের দিকে।
খারাপ হওয়া রুখতে বাঘমুন্ডি স্বাস্থ্যকেন্দ্রে দিনে পাঁচ ঘণ্টা ফ্যান বন্ধ রাখার ফতোয়ায় চাঞ্চল্য
সম্প্রতি গোঘাট থানা থেকে তারকেশ্বর থানায় বদলি হয়েছেন অনিল রাজ। বুধবার ছিল বিদায় সম্বর্ধনা। এ দিন রাজীবকে থানায় নিয়ে আসেন ওসি। এখানেই তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। ভরসা দেওয়া হয়। এই আবেগেই এইদিন অন্যমাত্রা পায় গোঘাটের ওসির বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান।