
শেষ আপডেট: 25 May 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: একাধিক রাজনৈতিক নেতাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার (Honey Trap Case) অভিযোগ উঠল বিজেপি নেত্রীর মেয়ের (Bjp Leader Daughter) বিরুদ্ধে! ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট মহকুমার হাড়োয়া (Haroa) গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লি গ্রামে এই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে।
অভিযুক্তের নাম প্রিয়াঙ্কা রায়। ২৬ বছরের এই যুবতী হাড়োয়ার বিজেপি মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতামন্ত্রীদের সঙ্গে আলাপ করে মোবাইল নম্বর জোগার করতেন প্রিয়াঙ্কা। তারপর ফোনে কথা বলে ঘনিষ্ঠতা বাড়াতেন। এরমধ্যেই চলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে ছবি ও ভিডিওর আদান প্রদান। ফাঁদে পড়া নেতারা তাঁর মোহে পড়লে তাঁদের সঙ্গে একাধিকবার দেখা করতেন। এরপরেই ওই নেতাদের বিরুদ্ধে কখনও ধর্ষণের, আবার কখনও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ব্ল্যাকমেল করে ওই যুবতী টাকা হাতাতেন বলে অভিযোগ।
কয়েকদিন আগে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা হাড়োয়ার বিধানসভার বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ করেছিলেন ওই যুবতী। সেই সময় রাজেন্দ্রকে গ্রেফতার করা হয়েছিল। যুবতীর ওই ফাঁদে পা দিয়ে শাসক ও বিরোধী শিবিরের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। পরে কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে শুরু করে পুলিশ। ঘটনাগুলিতে প্রিয়াঙ্কার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা জেরায় তাঁর সমস্ত দোষ শিকার করেছেন। প্রিয়াঙ্কার সঙ্গে বড়সড় কোনও প্রতারণা চক্র জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা।
ঘটনা নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, ‘দলের নেত্রীর মেয়ে হয়ে কী করে দলকে কালিমালিপ্ত করছে। শাসক-বিরোধী সব দলকে ক্ষতিগ্রস্ত করছে সে। নেতাদের সম্মান নিয়ে খেলা করছে। দল দৃষ্টান্তমূলক শাস্তি দিক।’
বসিরহাট মহকুমার তৃণমূলের আইএনটি সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ বিজেপি করে না। যেসব খারাপ মানুষকে তৃণমূল জায়গা দেয়নি তারাই বিজেপি দল করেন।’
যদিও অভিযুক্তের মা তথা হাড়োয়া মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় বলেন, ‘আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কোনও টাকা পয়সা নেয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
ভয়ঙ্কর ঝড় আসছে আর কিছুক্ষণেই! হাওয়ার পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও, বড় পূর্বাভাস মৌসম ভবনের