করোনা আতঙ্ক: বসন্তোৎসব এবার বন্ধ থাকছে বিশ্বভারতীতে
দ্য ওয়াল ব্যুরো: আগেই শোনা গিয়েছিল, ঐতিহ্যবাহী বসন্তোৎসব এবার নাও হতে পারে বিশ্বভারতীতে। কোনও রকম জমায়েত না করার পরামর্শ দিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে বিশ্বভারতীতে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যা
শেষ আপডেট: 6 March 2020 11:58
দ্য ওয়াল ব্যুরো: আগেই শোনা গিয়েছিল, ঐতিহ্যবাহী বসন্তোৎসব এবার নাও হতে পারে বিশ্বভারতীতে। কোনও রকম জমায়েত না করার পরামর্শ দিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে বিশ্বভারতীতে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই একই বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। এই বিজ্ঞপ্তি পাওয়ার পরেই বৈঠকে বসে বিশ্বভারতীর নীতি নির্ধারণকারী এগজিকিউটিভ কমিটির বৈঠক। শুক্রবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হল, এবার বিশ্বভারতীতে বসন্তোৎসব হচ্ছে না।
ইউজিসির সচিব রজনীশ জৈনের সই করা বিজ্ঞপ্তির কথা জানাজানির পর থেকেই বসন্তোৎসবের আয়োজনে শিথিলতা দেখা গিয়েছিল বিশ্বভারতীতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সিওভিআইডি-১৯ নিয়ে যে কথা তাঁদের বলা হয়েছে তার প্রেক্ষিতেই নভেল করোনাভাইরাস নিয়ে এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির শুরুতেই বলা হয়েছে যে ক্যাম্পাসে কোনও রকম জমায়েত এড়িয়ে চলতে। বিশ্বভারতীতে বসন্তোৎসবে প্রতিবছর লক্ষাধিক লোকের জমায়েত হয়।
দোল উপলক্ষে এদিন বীরভূমের জেলা প্রশাসনিক ভবনেও একটি বৈঠক হয়েছে। যথারীতি সেই বৈঠকেও উঠে আসে বিশ্বভারতীর প্রসঙ্গ। সেখানে অবশ্য সিদ্ধান্ত হয় যে বিশ্বভারতী চাইলে তাদের ক্যাম্পাসে বসন্তোৎসব করতই পারে, প্রশাসন সেক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বভারতীতে ওই উৎসব না করারই সিদ্ধান্ত নেওয়া হল।