
শেষ আপডেট: 10 September 2022 10:36
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পুজোর বাকি আর মাত্র ২০ দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুয়ারে কড়া নাড়ছে, কিন্তু পুজোর সময় পাতে কি রুপোলি শস্যের দেখা মিলবে, তা নিয়ে চিন্তায় ছিল আমজনতা। এবার হাপিত্যেশ করার সময় শেষ। শনিবার সাতসকালে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি (Dhupguri) বাজারে এসে পৌঁছল বাংলাদেশের (Bangladesh) ইলিশ (hilsa)।
জানা গেছে, পুজো উপলক্ষে ভারতে এবারও পাঁচ হাজার টনের মতো ইলিশ মাছ রফতানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের ইলিশ ব্যবসায়ীদের। সদ্যই ভারত সফর সেরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরমধ্যেই সে দেশ থেকে ইলিশ আসা শুরু হয়ে গেল। শনিবার ধূপগুড়ি মাছ বাজার যেন একেবারে পদ্মার ইলিশের আড়ৎ। ক্রেট ভর্তি পদ্মার ইলিশ মাছ নিয়ে হাজির ব্যবসায়ীরা।

কিন্তু এতে বাঙালি ইলিশপ্রেমীদের আশা পূরণ হলেও বিক্রেতার আশা পূরণ হচ্ছে না। তাঁদের দাবি, বাংলাদেশ থেকে ইলিশ চলে এলেও সেই মাছ কিনতে ক্রেতার দেখা নেই। বাজারে এক কেজির ওজনের ইলিশ ১৩০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগামী কয়েকদিনে ভাল বিক্রির অপেক্ষায় আশায় রয়েছে ধূপগুড়ির মাছ ব্যবসায়ীরা।

ধূপগুড়ি মাছ বাজারের ব্যবসায়ী মনোজ শা বলেন, 'এখনও অনেকেই জানতে পারেননি যে বাজারে বাংলাদেশের ইলিশ চলে এসেছে। ইলিশপ্রেমীরা জানতে পারলে এর চাহিদা তুঙ্গে উঠবে। কারণ পদ্মার ইলিশের অপেক্ষাতেই দিন গুনছে মাছে-ভাতে বাঙালি।গত সপ্তাহেও বেশ কয়েকজন পদ্মার ইলিশের খোঁজ করে ফিরে গিয়েছেন। এই রবিবারের মধ্যেই ইলিশ মাছের চাহিদা বাড়বে বলে আশা করছি।'
সহবাসের পর ‘বেপাত্তা’ প্রেমিক! বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসলেন মালদহের যুবতী