
শেষ আপডেট: 9 February 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: ঝালদা পুরসভার (Jhalda Municipality) চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতা যেন কাটছেই না।
শীলা চট্টোপাধ্যায়কে (Shila Chatterjee) সরিয়ে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে চেয়ারম্যান নিয়োগ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ পূর্ণিমাকে সরিয়ে সেই শীলাকেই ঝালদার চেয়ারম্যান হিসেবে নিয়োগের নির্দেশ দিল।
শীলার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়েছিল। এদিন তাতে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী কাল সিঙ্গল বেঞ্চে ফের এই মামলার শুনানি রয়েছে।
ঝালদায় শীলা জিতেছিলেন নির্দলের হয়ে। তারপর যোগ দেন তৃণমূলে। দু’মাস আগে সেই তিনিই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। তারপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়।
নির্বাচনের ফলে ঝালদা ছিল ত্রিশঙ্কু। তারপর নির্দলের সমর্থনে ১২ আসনের বোর্ড দখল করে তৃণমূল। চেয়ারম্যান হন সুরেশ আগরওয়াল। এরপর শীলা তৃণমূল ছাড়তেই অনাস্থা আনে কংগ্রেস। সেই ভোট করা নিয়েও অনেক টালবাহানা চলেছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত শীলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
এখন দেখার শুক্রবার সিঙ্গল বেঞ্চ কী নির্দেশ দেয়। ঝালদার আইনি জটিলতা কবে কাটে।
গ্রুপ ডি নিয়োগ মামলা: হাওড়ার ডিআইকে আসতে হবে আজ দুপুরেই, নির্দেশ বিচারপতির