
শেষ আপডেট: 16 August 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: ১৬ অগস্টের মধ্যে পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল নবান্ন। যদিও পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজ্যের জেলায় জেলায় সামনে এসেছে একাধিক হিংসার ঘটনা (High courts big step about panchayat board)। বোর্ড গঠনে বাধা, বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে।
আদালত সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের কুকরাহাটিতে আগামী ১০ অগস্ট বোর্ড গঠনের কথা ছিল। সংশ্লিষ্ট পঞ্চায়েতে এবারের ভোটে সংখ্যা গরিষ্ঠ হয় বিজেপি। অভিযোগ, বিজেপির বোর্ড গঠন ঠেকাতে বোর্ড গঠনের দিন বিজেপির জয়ী সদস্য পলাশ প্রমানিককে কিডন্যাপ করা হয়। ফলে বোর্ড গঠন হয়নি। একই সঙ্গে সেদিন বিজেপির জয়ী অন্য সদস্যদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ওই ঘটনাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ওই মামলাতেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তদন্তে সরাসরি নজরদারির নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতির নির্দেশ, ‘যেভাগে হোক অভিযুক্তদের ধুরার ব্যবস্থা করুন।”
এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, ‘দুষ্কৃতীরা এখনও এলাকায় ঘুরছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি।” পরবর্তী বোর্ড গঠনের দিন কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
আগামী ২২ অগস্ট মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্তের অগ্রগতি রিপোর্ট ও কেস ডাইরি আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারপতির হুঁশিয়ারি, ‘তদন্তের অগ্রগতি না হলে আগামী শুনানিতে কোর্ট পদক্ষেপ করবে।’
আরও পড়ুন: নিবেদিতার যেন ধূমকেতুর মতোই উত্থান, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে জেলাসভাধিপতি