দ্য ওয়াল ব্যুরো: গত দুদিন ধরে তেমন বৃষ্টি নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আকাশ মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও তাই। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে তারা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা ফের প্লাবিত হবে। মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর রাজস্থানে। রাজস্থান থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে ।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবারও আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং. কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।