শেষ আপডেট: 18 September 2020 07:13
১৭ তারিখ বৃহস্পতিবারের দুপুর থেকে সারারাত টানা বৃষ্টি হওয়ার ফলে সমস্ত নিকাশি নালা কানায় কানায় ভর্তি হয়ে যায়। জল ঢুকে আসে বহু বাড়ির দোরগোড়ায়। জলে ডুবে গিয়েছে নীচু এলাকার বেশ কিছু ঘরবাড়ি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব করা যায়নি।
শিল্পাঞ্চলের মেন গেট সংলগ্ন এলাকাটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। মেনগেট বস্তির পাশ দিয়ে বয়ে চলা তামলা নালার জল কানায় কানায় ভর্তি হয়ে ভাসিয়ে দেয় আশেপাশের জনবসতি। ইতিমধ্যেই বহু মানুষ ও গবাদি পশু ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। আশ্রয়হীন হয়ে পড়েছেন বেশ কিছু মানুষ। মেনগেট এলাকাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে দাঁড়িয়ে থাকা পোকলেন, জেসিবি ও ট্রাক গুলিও সম্পূর্ণভাবে জলে ডুবে রয়েছে এখনো।
অন্যদিকে শিল্পাঞ্চলের ৫৪ ফুট এলাকায় অনেক আবাসন রয়েছে। একতলার বাসিন্দারা অভিযোগ জানান, বৃষ্টির ফলে তাদের ঘরের ভেতর ঢুকে পড়েছে নোংরা জল। বৃহস্পতিবারের টানা বৃষ্টির পর থেকেই বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষকে। এলাকার জলনিকাশি নালাগুলি উপচে পড়েছে। শিল্পাঞ্চলের দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙা এলাকাতেও একই ছবি ধরা পড়ল ক্যামেরায়। ভোর হতেই ক্যামেরা হাতে সাহসী দুই চিত্রসাংবাদিক অর্পণ ও বিকাশ মসান ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ছবি তুলতে শুরু করেছেন।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিশেষ পদক্ষেপ চোখে পড়েনি। তবে সকাল থেকে কিছু কিছু এলাকায় স্থানীয় পুলিশের তৎপরতা চোখে পড়েছে। জলমগ্ন এলাকা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে লোকজনকে। বেলা বাড়লে ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নির্ধারণ করা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।