
শেষ আপডেট: 7 April 2023 06:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষ (poyla baisakh) আসতে আরও এক সপ্তাহ বাকি। তার আগেই তীব্র দহনে রাজ্যে তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা ঘনিয়েছে! আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৫ এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে!
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুই পর্যায়ে বাড়বে এই তাপমাত্রা। ১০ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এর পরে ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু-এক জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিটে-ফোঁটা বৃষ্টির।
গতকাল বিকেলে কলকাতার আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক বা বিধাননগরে ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তবে এই প্রবল দাবদাহে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। আর্দ্রতাজনিত অস্বস্তি উধাও হবে। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো ও গরম হাওয়া দেবে। ১০ই এপ্রিল থেকে ১৫ ই এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। সুতির জামা ও বেশি জল খাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের, সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে যতটা কম সম্ভব বেরোলে ভাল।
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রাও। আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ।
এর মধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘনিয়েছে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে কর্নাটক ও রাজস্থান সংলগ্ন এলাকায়। ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে শিলাবৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
সাত দিনে তিন গুণ বেড়েছে কোভিড সংক্রমণ, আজ উচ্চপর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর