দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পোস্ট অফিসের তালা ভেঙে চুরি হয়ে গেল নগদ টাকা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার এলাকার ভেবিয়া পোস্ট অফিসে। সঙ্গে দফতরের কম্পিউটারও উঠিয়ে নিয়ে গিয়েছে চোরেরা। বুধবার সকালে পোস্ট অফিসের কর্মীরা কাজে যোগ দিতে এসে ঘটনাটি জানতে পারেন। তাঁরাই পরে পুলিশ ডাকেন।
পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারই কয়েকজন গ্রাহক তাঁদের টাকা গচ্ছিত রেখে গিয়েছেন। ফলে মোটা টাকাই মজুত রাখা ছিল দফতরে। লকার না ভাঙতে পারলেও সামনে আলমারিতে রাখা ৪০ থেকে ৫০ হাজার নগদ টাকা চুরি করেছে চোরেরা। সঙ্গে দফতরের কম্পিউটারও উঠিয়ে নিয়ে গিয়েছে তারা। ফলে কার্যত খোয়া গিয়েছে পোস্ট অফিরের জরুরি নথি। এখন আশংকা এই নথি নিয়ে জালিয়াতি বা প্রতারণা করতে পারে চোরের দল।
হাসনাবাদ থানার পুলিশ জানিয়েছে, সামনের গেটের তালা নয়, পোস্ট অফিসের পিছনের গেটের তালা ভেঙেই দফতরে ঢোকে চোরেরা। সমস্ত অফিস লণ্ডভণ্ড করে দেয়। আলমারি, সিন্দুকের তালা ভেঙে লুঠপাঠ চালিয়েছে। তবে পোস্ট অফিসের লকারের তালা ভাঙতে পারেনি তারা।
পুলিশের দাবি, চোরেদের কাছে আগেই খবর ছিল, যে পোস্ট অফিসে নগদ টাকা মজুত রয়েছে। সেই টাকার জন্য এদিন চোরের দল পোস্ট অফিসে হানা দিয়ে ছিল। কিন্তু লকার খুলে না পারায়, সামনে যা ছিল হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ দফতরের সকল কর্মীদের আঙুলের ছাপ নিয়েছে। পোস্টঅফিসে কোনও সিসিটিভি নেই। আশে-পাশে কোনও জায়গায় সিসিটিভি রয়েছে কিনা তাও দেখছে পুলিশ। এদিকে পোস্টমাস্টারকেই একদফা জেরা করা হয়ে গিয়েছে পুলিশের। রাতে পিছনের গেটের কাছে চোরেরা কি করে পৌঁছল সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে।