
শেষ আপডেট: 18 December 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ময়নাগুড়ির এক বিজেপি নেতা। বিজেপির অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে তৃণমূল। শাসকদলের নেতাদের বক্তব্য, সবকিছুতেই তৃণমূলের চক্রান্ত দেখে বিজেপি। অভিযোগ আর পালটা অভিযোগে সরগরম ময়নাগুড়ি। রবিবার ধৃত বিজেপি নেতাকে জলপাইগুড়ি আদালতে পাঠায় ময়নাগুড়ি থানার পুলিশ।
ময়নাগুড়ি ব্লকের দোমহনী এলাকার বাসিন্দা সঞ্জীব দাস নামের এক দর্জির দোকানে ব্লাউজ বানাতে দিয়েছিলেন ময়নাগুড়ির এক মহিলা। সঞ্জীব এলাকার পরিচিত বিজেপি নেতা। ওই মহিলার অভিযোগ, ব্লাউজের মাপ নেওয়ার অছিলায় তাঁর শ্লীলতাহানি করে সঞ্জীব। দোকানের পাশে একটি বিউটি পার্লারে গিয়ে তিনি বিষয়টি জানালে তারা মহিলার বাড়ির লোককে খবর দেয়।
মহিলার স্বামী জানান, ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে পুরো বিষয়টি অস্বীকার করে। তবে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাঁর স্ত্রীকে হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “আমার স্ত্রী নতুন ফোনের কানেকশন নিয়েছে। ওই নম্বরে ফোন করে বিষয়টি কাউকে জানাতে বারণ করে সে। আমরা তাকে ধরে থানায় নিয়ে যেতে চাইলে ওই এলাকার বেশ কিছু মানুষ আমাদের বাধা দেয়। পরে অবশ্য আমরা তাকে পুলিশের হাতে তুলে দেই।”
অভিযোগ পেয়ে সঞ্জীব দাসকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃত নেতাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় বিজেপি নেতা চঞ্চল সরকার বলেন, “শুধুমাত্র বিজেপি করায় ওঁকে ফাঁসিয়ে দেওয়া হল। যখন শ্লীলতাহানি হয় বলে অভিযোগ, তখন কোনও অভিযোগ হয়নি। পরে ষড়যন্ত্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়।” তৃণমূলের ব্লক সভাপতি মনোজ রায় বলেন, “অপরাধ করবে, তারপর ধরা পড়লে তাকে তৃণমূলের চক্রান্ত বলবে। এটাই বিজেপির নিয়ম হয়ে দাঁড়িয়েছে।”