
শেষ আপডেট: 15 April 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো: গত ৭ এপ্রিল সকালে নাদিয়ার হাঁসখালিতে (Hanskhali) প্রকাশ্যে গুলি করে এক তৃণমূল নেতাকে (TMC leader) খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় শনিবার হুগলি থেকে গ্রেফতার করা হল দুজনকে। ধৃত দুজন সম্পর্কে বাবা-ছেলে।
নেতার নাম আমোদ আলি বিশ্বাস। তিনি হাঁসখালির বড়চুপড়ির বাসিন্দা। ৭ তারিখ সকালে ছোটচুপড়িয়া বাজারে শাকসবজি কিনতে গিয়েছিলেন আমোদ। সেই সময় বাইকে করে সেখানে এসে উপস্থিত হয় দুই ব্যক্তি। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথাকাটাকাটি হয়। তারপরেই আচমকা আমোদকে গুলি করে পালিয়ে যায় দুজন।
গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।
সেই ঘটনায় জড়িত সন্দেহে এক চায়ের দোকানের মালিক আব্দুল খালেক মণ্ডলকে ৮ তারিখ গ্রেফতার করে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গিয়াস উদ্দিন বিশ্বাস ও তার ছেলে শাহীন বিশ্বাস খুনের ঘটনায় জড়িত। তাদের সন্ধানে তল্লাশি চালাতে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকী, ভিন রাজ্যেও তল্লাশি চালায় পুলিশ।
শনিবার সকালে হুগলির পাণ্ডুয়া থানার বৈঁচি স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেন পাণ্ডুয়া থানার ওসি অর্ণব গাঙ্গুলি ও তাঁর দল । পরে তাদের হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে পুলিশের তাড়া খেয়ে কোনওভাবে পালিয়ে এসে বৈঁচিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল দুই অভিযুক্ত। সূত্র মারফত সেই খবর পেয়েই তাদের ধরে ফেলে পুলিশ।