
শেষ আপডেট: 20 December 2022 07:22
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাঁসখালি (Hanskhali) ধর্ষণ মামলার নিষ্পত্তি হল কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের ভর্ৎসনার পরেই রাজ্য সরকারের লিগ্যাল সেল হাঁসখালি নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছে দিল ক্ষতিপূরণের (Compensation) টাকা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চের তৎপরতায় সোমবার কিশোরীর পরিবার ৫ লক্ষ টাকা পেল।
চলতি বছরের এপ্রিল মাসে হাঁসখালিতে এক কিশোরীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে হাঁসখালির ১ নম্বর পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালা ও তার বন্ধু প্রভাকর পোদ্দারের বিরুদ্ধে। এর পরে তড়িঘড়ি তার দেহও দাহ করে দেওয়া হয়। তারপরে জানাজানি হয় বিষয়টি। ঘটনার কয়েক দিন পরে পুলিশে যান মৃতার পরিবার।
আদালতে মামলা শুরুর পরে সিবিআই তদন্তের নির্দেশ হয়। সিবিআই জানায়, নাবালিকাকে ধর্ষণ করার আগে তাকে মাদক খাওয়ানো হয়েছিল। এমনকি গাঁজাও খাওয়ানো হয়। তার পর তাঁকে একে একে তিন জন ধর্ষণ করে। নাবালিকাকে এ ভাবে ধর্ষণ করার পর তাকে রাস্তার ধারে ফেলে অভিযুক্তরা চলে যায়। পরে স্থানীয় এক মহিলা তাকে স্কুটিতে তুলে বাড়ি পৌঁছে দেয়।
নাবালিকার পরিবার অভিযোগ করেছিল, ব্রজগোপাল গোয়ালার জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পর থেকে তাঁদের মেয়ের পেটে অসহ্য ব্যথা শুরু হয়। রক্তপাত হতে শুরু করে। ব্যথা বাড়ায় প্রথমে স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে গিয়েছিলেন তার মা। কিন্তু বাড়ি ফিরে তিনি দেখেন মেয়ে আর বেঁচে নেই। এর পর ৫ এপ্রিল ভোর রাতে ওই নাবালিকার সৎকার করা হয়। এ জন্য পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, হাঁসখালির ওই নির্যাতিতার পরিবারকে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে। তবে সেই এপ্রিল থেকে বছর শেষ হতে চললেও, ক্ষতিপূরণ পায়নি নির্যাতিতার পরিবার। এই বিষয়টিই সম্প্রতি আদালতের নজরে এনেছিলেন আবেদনকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।
আবেদন শুনে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, লিগ্যাল সেলকে জানাতে হবে, কেন এত দেরি ক্ষতিপূরণ দিতে।আজ আদালতে এসে লিগ্যাল সেল জানায়, গতকালই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা। টেকনিক্যাল অসুবিধার জন্য তা আটকে ছিল এতদিন। আইনজীবীও এদিন আদালতে জানিয়ে দেন, হাঁসখালির পরিবার টাকা পেয়েছে। শেষমেশ মামলার নিষ্পত্তি হয়।
স্টিয়ারিংয়ে কাঁপছে হাত, আচমকা হার্ট অ্যাটাক চালকের, বেলাগাম বাস পিষে দিল সাইকেল আরোহীকে