দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে বড় ভাঙন শুরু হয়ে গেছে। একের পর এক নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী দল ছাড়ছেন। ঠিক এই পরিস্থিতিতে ক্ষয়িষ্ণু সিপিএমেও ভাঙন!
দলের বিরুদ্ধে কার্যত অনাস্থা প্রকাশ করে দিলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। সাফ জানিয়ে দিলেন, নেতাদের অঙ্গুলি হেলনে তিনি মানসিক ভাবে বিধ্বস্ত।
তাহলে? এবার কী করবেন? শনিবারের বার বেলায় আপনাকে দেখা যাবে মেদিনীপুর কলেজিয়েট মাঠে?
তাপসীর জবাব, "ভাবনা চিন্তা করছি। এখনও কিছু ঠিক করিনি।"
তাপসীদেবীর স্বামী অর্জুনবাবু আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, "বাড়ির লোক যদি দুরকম পথে চলে তাহলে মানুষ বিশ্বাস করে না।" তিনি জানিয়েছেন স্বামীর পথে হাঁটতে চান। উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "কে কোথায় যাবে জানি না। তবে বাংলায় আগে এই ভাবে দলবদলের সংস্কৃতি ছিল না। তৃণমূল এটা শুরু করেছিল। বিজেপি সেটার ধারাবাহিকতা বহন করছে। মানুষ ক্ষমা করবে না।"
যদিও সিপিএমের জেলা নেতৃত্ব বলেছেন, তাপসী দল ছাড়ছেন এমন খবর তাঁর জানা নেই। অনেকের মতে, এটাই সিপিএমের পতনের ইঙ্গিত। দল জানেই না তাঁদের জনপ্রতিনিধি কী করছেন। এরপর দেখা যাবে বিজেপিতে যোগ দেওয়ার পর নাম কা ওয়াস্তে বহিষ্কার করছেন।