
শেষ আপডেট: 25 February 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জঙ্গল সাফারিতে (jungle safari) গিয়ে বড় বিপদে পড়লেন পর্যটকেরা। গভীর জঙ্গলের মধ্যে পশুপাখিদের কাছ থেকে দেখার ইচ্ছে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলেন জিপসি চেপে। কিন্তু পর্যটকদের সেই আনন্দে হঠাৎই ব্যাঘাত ঘটাল এক গণ্ডার (rhinoceros)। এতেই ঘটল বিপত্তি।
জানা গেছে, শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে জিপসি করে ঘুরছিলেন একদল পর্যটক। সেইসময় আচমকা গণ্ডার তাড়া করে। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে জঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় উল্টে যায় জিপসি। ঘটনায় পাঁচ জন পর্যটক আহত হয়েছেন। সূত্রের খবর, আহত এক পর্যটককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা মাদারিহাট হাসপাতালে ভর্তি।
দেখুন ভিডিও:
জানা গেছে, দু’টি গণ্ডার জঙ্গলের মধ্যে লড়াই করছিল। ভিডিওতে দেখা গিয়েছে, সেই দৃশ্য় দেখার জন্য পর্যটকদের নিয়ে তিনটে গাড়ি ওখানে দাঁড়িয়ে যায়। একটি স্কুটি চালককে কেউ তাড়াতাড়ি সরে যেতে বলে। তারপরেই দেখা যায় গণ্ডার দু’টি জঙ্গল থেকে বেরিয়ে আসছে। সামনে থাকা গাড়িটির দিকে তাড়া করে। সেই গাড়িটি পিছোতে পিছোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দু’টি গণ্ডারই রাস্তা পার হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়।
সেই সময় সঙ্গে থাকা গাইড মিঠুন বিশ্বাস বলেন, “জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম। জলদাপাড়া হরিণডাঙা টাওয়ারের সামনে দুটি গণ্ডার লড়াই করতে করতে ছুটে আসে। এরপর একটি গণ্ডার গাড়ির সামনে ধাক্কা মারতে থাকে। গাড়িটি পিছিয়ে আসতে গিয়ে একটি স্কুটির জন্য উল্টে যায়। দুপুর দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে। ছ’জন পর্যটক ওই গাড়িতে ছিলেন। পাঁচ পর্যটকের চোট আঘাত লেগেছে।”
সাফারিতে যাওয়া গাড়ির চালক বা গাইডরা বলছেন, "গণ্ডারের আক্রমণ সচরাচর দেখা যায় না। কিন্তু যদি সে তাড়া করে, তাহলে বড় বিপদের সম্ভাবনা থাকে। শনিবার সেটাই ঘটল।" এই জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। সেখানে হাতি সাফারির ব্যবস্থাও আছে। হাতির পিঠে চড়ে বনের মধ্যে গণ্ডার-সহ অন্য বন্যপ্রাণীদের দেখা যায়। আবার কার সাফারিও আছে।
জঙ্গল কেটে সাফ করছেন তৃণমূল নেতা! গ্রামবাসীদের অভিযোগে শোরগোল বাঁকুড়ায়