
শেষ আপডেট: 30 August 2022 11:03
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে (durgapur)! চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার নাম করে নিজের সদ্যোজাত নাতনিকে (Granddaughter) বিহারে (Bihar) নিয়ে গিয়ে বিক্রি (Sold) করে দিল দিদিমা (Grandmother)। শিশুটিকে উদ্ধার করতে পেরেছে দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দিদিমাকে।
দুর্গাপুর থানা এলাকার বিজু পাড়ার বাসিন্দা নাজিস খানের সঙ্গে বিয়ে হয়েছিল বিহারের মাসরাক থানা এলাকার মুসকান খাতুনের। সাড়ে ৪ মাস আগে ওই দম্পতির একটি কন্যাসন্তান জন্ম নেয়। গত ২১ জুন মেয়ে ও নাতনিকে নিয়ে চিকিৎসা করানোর জন্য বিহারে নিয়ে যায় মুসকানের মা শাহানা খাতুন। এর ২ দিন পর মেয়েকে বাড়িতে রেখে নাতনিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে বাড়ি থেকে বেরোয় শাহানা। বেশ কিছুক্ষণ কাটিয়ে নাতনিকে ছাড়াই বাড়ি ফেরে সে। মেয়ে কোথায়, সে ব্যাপারে মাকে প্রশ্ন করে মুসকান। তখন শাহানা জানায়, নাতনিকে বিক্রি করে দিয়েছে সে। মেয়ের আবার বিয়ে দেবে বলেও মুসকানকে জানায় সে।
এতে রাজি না হওয়ায় মুসকানের উপর অত্যাচার করতে শুরু করে শাহানা। কোনও মতে পুরো ঘটনা স্বামী নাজিসকে ফোন করে জানাতে পেরেছিলেন মুসকান। এরপরেই গত ৭ জুলাই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের কররেন শিশুটির বাবা নাজিস খান। সেই মতো তদন্ত চালিয়ে জানা যায়, বিহারের মাশরফ থানা এলাকায় রয়েছে শিশুটি। রাজ্য পুলিশ অভিযান চালিয়ে সোমবার শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার তাকে দুর্গাপুরে আনা হয়।
অভিযুক্ত দিদিমা শাহানা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তার পুলিশ হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
পাড়ে বসে খেলছিল, আচমকাই মালদহের গঙ্গার ভাঙনে জলে তলিয়ে গেল সাত মাসের শিশু