দ্য ওয়াল ব্যুরো : প্রতি বছর শীতকালে কলকাতা ও জেলায় লোকশিল্পের আসর বসে। মানুষের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন লোকশিল্পীরা। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে কি তা সম্ভব হবে? শনিবার নবান্নে এব্যাপারে বিস্তারিত জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, এবছর ময়দানে ও প্রান্তরে এক্সপো, সঙ্গীতের আসর, আবৃত্তির আসরের অনুমতি দেওয়া হবে। মাস্ক পরে, ফিজিক্যাল ডিসট্যান্সিং-এর নিয়ম মেনে সিলিং-এর কথা না ভেবে এই সব আসরকে অনুমতি দেওয়া হবে।
মুখ্যসচিব জানান, নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে বলা হয়েছে, তাঁরা যেন লোকশিল্পীদের, পারফর্মিং আর্টিস্টদের সহায়তা করেন। তাঁদের শিল্পের প্রদর্শনীর পথে কেউ যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়।
আলাপনবাবু জানান, নির্দিষ্ট বিধি মেনেই সরকার লোকশিল্পীদের উৎসাহ দেবে। সেজন্য সরকারের তরফেও মেলা, এক্সপো, শিল্প প্রদর্শনী করা হবে।