দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার শিবির। এবার সেই ক্যাম্পেই দেখা মিলল মুড়ি ঘুগনির। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রেশন কার্ডের লাইনের মতই মুড়ি ঘুগনি খাওয়ারও লাইন পড়লো সেখানে। এমন অবাক কাণ্ড দেখা গেল পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানিতে।
আসানসোল পুরনিগমের ৭৪ নম্বর ওয়ার্ডে চলছে দুয়ারে সরকার শিবির। বুধবার সেখানেই চারটি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষের সমাগম হয়। মিঠানি কোলিয়ারি, ধেমোমেন, পাটমোহনা ও বেজডি গ্রামের মানুষরা এসেছেন ভোররাত থেকে। সকাল থেকে বিভিন্ন শিবিরে ফর্ম তুলে তা ফিলআপ করে বাড়ি ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যাবে, তা জানাই ছিল।
এই পরিস্থিতিতে পেটে খিদে থাকলেও শিবির ছাড়ার উপায় নেই। তাই মিঠানি গ্রামের বাসিন্দারা তাঁদের স্বল্প সামর্থ্যেই ব্যবস্থা করলেন মুড়ি ঘুগনির। খিদের পেটে শিবিরে আসা মানুষজন তাতেই যেন পেলেন অমৃতের স্বাদ। লাইনে দাঁড়ানো সাধারণ জনগণের জন্য মুড়ি ঘুগনির আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নেয় স্থানীয় নবারুণ ক্লাবের সদস্যরা।
ক্লাবের সদস্যদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। যখনই বিপর্যয় নেমেছে তখনই তাঁরা বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন নিজস্ব উদ্যোগে। গ্রামের বাসিন্দাদের বক্তব্য, এই গ্রামের সংস্কৃতি ও আতিথেয়তা অন্যরকমের। তাই ভিন গ্রামের মানুষরা যেন সেখানে এসে হয়রানির শিকার না হন ল, তার জন্য স্বল্প আয়োজনেই সামান্য ব্যবস্থাটুকু করতে পেরেছেন।