
শেষ আপডেট: 3 July 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো: রাজভবনে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলা নয়, অশান্তির খবর পেলেই রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছোটাছুটি করছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলছেন এলাকাবাসীদের সঙ্গে। পঞ্চায়েত ভোটের সময় রাজ্যপালের এহেন সক্রিয়তা বেশ চোখে পড়েছে সবারই। সোমবার সন্ধেয় তিনি হঠাৎ পৌঁছে গেলেন ভাঙড়ের বাজারে। কথা বললেন বাজার করতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে বিক্রেতাদের সঙ্গে।
সোমবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী এলাকা চষে ফেলেন রাজ্যপাল বোস। আর সেখান থেকে ফেরার পথেই হঠাৎ তিনি ঢুকে পড়েন ভাঙড়ের পাগলাহাট বাজারে। গোটা বাজার চত্বর পরিদর্শন করেন তিনি। তারপর দর করেন সবজিরও। এক বিক্রেতার কাছে জানতে চান লঙ্কার দাম। এরপর ক্রেতা-বিক্রেতা সবার সঙ্গে কথা বলার পর তাঁদের একটি নম্বর দেন রাজ্যপাল। কোনওরকম সমস্যা হলে সেই নম্বরে ফোন করে জানানোর কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে বাংলার বাজারে অগ্নিমূল্য সবজি। টম্যাটো, লঙ্কা, আদার মতো আনাজপাতি কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতির মতো সেখানকার বাজারদরেও যে রীতিমতো অগ্নিমূল্য অবস্থা, তা বিলক্ষণ বুঝেছেন রাজ্যপাল। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। সেইজন্য কোচবিহার থেকে ক্যানিং, সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এদিন সেই সফরের মাঝেই তিনি পৌঁছে গেলেন বাজারে।
শুধু অজিত পাওয়ার নয়, অভিষেকও ওই পথের যাত্রী হবে, দাবি সেলিমের