
শেষ আপডেট: 6 September 2023 04:10
দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠছে। রাজ্যের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল। মঙ্গলবারই শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নির্দেশ মেনে চললে বিশ্ববিদ্যালয়গুলির টাকা বন্ধ করে দেবেন বলেও সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী। তারই মধ্যে গভীর রাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে (Kanyashree University) অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল (Governor appoints VC)।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এর আগেই যাদবপুর, প্রেসিডেন্সি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। তাছাড়া রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, যতদিন পর্যন্ত বাংলার বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ না করা হচ্ছে, ততদিন আচার্য তথা রাজ্যপালই সেই দায়িত্ব পালন করবেন। সেই বিজ্ঞপ্তি নিয়েও শুরু হয়েছিল বিতর্ক।

যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই সংঘাত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী ৮ সেপ্টেম্বর একটি বৈঠক ডেকেছেন। রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারদের সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই বৈঠকে কী স্থির হয়, সেটাই এখন দেখার।