দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের হাসপাতালগুলিতে মেডিক্যাল টেকনিশিয়নের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আলাপন বাবু বলেন, মোট ৬৪২ জন মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করবে রাজ্য সরকার। এর জন্য ১৭৫টি হাসপাতালে নতুন করে ৪৮৫টি পদ তৈরি করা হচ্ছে। তা ছাড়াও অন্যান্য হাসপাতালে ১৫৭ জনকে নিয়োগ করা হবে।
এমনিতেই কোভিড পরিস্থিতিতে মেডিক্যাল টেকনিশিয়নদের উপর অতিরিক্ত চাপ পড়েছে। অনেক সময় দেখা যাচ্ছে তাঁদের কোভিড সংক্রমণের ফলে ল্যাবের কাজে প্রভাব পড়ছে। তাই এই নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকার নিল বলে মনে করা হচ্ছে।
তা ছাড়া সদ্য ডাক্তারি পাশ করাদের সরকারি হাসপাতালে ফ্রন্ট লাইনে কাজ করার ব্যাপারে আগেই বেশ কিছু ঘোষণা করেছিল রাজ্য। নম্বরে বোনাস দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী.মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেডিক্যাল টেকনিশিয়ন নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।