
সান্দাকফু, ফাইল চিত্র
শেষ আপডেট: 26 November 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: সান্দাকফুতে পরের পর পর্যটকের মৃত্য়ুতে উদ্বিগ্ন দার্জিলিং জেলা প্রশাসন এবার মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে চলেছে। এই মেডিক্যাল সার্টিফিকেট থাকলে তবেই পৌঁছনো যাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানটিতে।
ভারতে ১০ হাজার ফুটের থেকে বেশি উচ্চতায় ট্রেক করতে হলে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এতদিন ব্যতিক্রম ছিল শুধু সান্দাকফু। এর উচ্চতা প্রায় ১২ হাজার ফুট। কিন্তু মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই এখানে পৌঁছনো যেত। তার জেরেই বারবার বিপত্তি ঘটছে বলে মনে করছেন চিকিৎসকরা।
গত কয়েক বছরে সান্দাকফু ট্রেকে গিয়ে একাধিক অভিযাত্রীর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁরা। সম্প্রতি ভবানীপুরের একজন বাসিন্দার মৃত্যু হয়েছে সান্দাকফুতে বেড়াতে গিয়ে। যেদিন তিনি সান্দাকফুতে উঠেছিলেন, সেদিনই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী সুখিয়াপোখরি স্বাস্থ্যকন্দ্রে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
এরপরই প্রশাসন নড়েচড়ে বসে। সান্দাকফু ভ্রমণের আগে পর্যটকদের কী কী করণীয় তা নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল একটি নির্দেশিকা তৈরি করেন। কিছুদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই নির্দেশিকায়
সান্দাকফু যাওয়ার জন্য জেলা প্রশাসনের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই অনুমতিপত্র পেতে গেলে সংশ্লিষ্ট ব্য়ক্তির মেডিক্যাল সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক হতে চলেছে।
সাধারণত মানেভঞ্জন থেকে যাত্রা শুরু করেন পর্যটক ও অভিযাত্রীরা। সরকারের ভাবনা, এই মানেভঞ্জন থেকেই এবার মিলবে সান্দাকফু ওঠার অনুমতিপত্র। মেডিক্যাল সার্টিফিকেট থাকলেই এই অনুমতি পাওয়া যাবে। তবে এই মেডিক্যাল সার্টিফিকেট কত দিনের পুরনো হলে তাকে বৈধতা দেওয়া হবে, তা এখনও আলোচনাসাপেক্ষ রয়েছে। মেডিক্যাল সার্টিফিকেট থাকলেও কোনও ব্যক্তির শারীরিক সুস্থতা নিয়ে কোনও সন্দেহ থাকলে তাঁকে পরীক্ষা করে দেখবেন চিকিৎসক। তারপরেই মিলবে সান্দাকফু ওঠার ছাড়পত্র।