দ্য ওয়াল ব্যুরো: দিনে দুপুরে রামকৃষ্ণ মঠের ভিতর থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বারাসাতের শেঠপুকুর রামকৃষ্ণ মঠে।
এদিন সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন ছিল এই রামকৃষ্ণ মঠে। প্রচুর মানুষের সমাগম হয় এই উৎসবে। অভিযোগ, ভিড়ের সুযোগেই ভক্তদের সোনার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। এই দলে তিন-চারজন ছিল বলে অভিযোগ আগতদের। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ভক্তরা।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ভক্তরা যখন দুপুরে প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল সেই সময় দুষ্কৃতীরা সোনার হার গুলি গলার থেকে ছিনতাই করে পালায়। বারাসাত শেঠপুকুর লাগোয়া শিবা নন্দ মহারাজের আশ্রম তথা রামকৃষ্ণ মঠ ও মিশনে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত বারাসাতবাসী। অভিযোগ পেয়ে তদন্তে নামে বারাসত থানার পুলিশ। মিশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আমডাঙা থানার ঢিলছোঁড়া দূরত্বে আমডাঙা করুণাময়ী মন্দিরে মা কালীর বিগ্রহের বহুমূল্যবান সোনার গহনা চুরি যায়। সপ্তাহ না কাটতেই ফের বারাসাতের রামকৃষ্ণ মঠের ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বারাসাত জেলা পুলিশের কপালে।