
শেষ আপডেট: 6 July 2023 04:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে সরকার। প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন মহিলারা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পঞ্চায়েত ভোটে জেতানোর আবেদন জানিয়ে বাড়িতে হাজির হলেন স্বয়ং লক্ষ্মী। পরনে লাল বেনারসি, ভারী গয়না, কপালে মুকুট, হাতে লক্ষ্মীর ভাঁড়। ঘুরে বেড়াচ্ছেন গ্রামের রাস্তায়। বাড়ি বাড়ি পৌঁছে মহিলাদের কাছে আবেদন করছেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এই অভিনব প্রচার দেখা গিয়েছে ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে।
সাতসকালে ঘুম থেকে উঠেই মহিলারা দেখছেন দুয়ারে হাজির স্বয়ং মা লক্ষ্মী! হাতে লক্ষ্মীর ভাঁড়। একঝলক দেখলে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। আর তখনই মা লক্ষ্মী বলে উঠছেন, ‘‘আমাকে মা মমতা তোদের দুয়ারে পাঠিয়েছেন। এই যে আমার হাতের লক্ষ্মীর ভাঁড়- এটা কোনওদিন শেষ হবে না। তবে আমার ভাইদের জোড়াফুলে ভোটটা দিবি। মা আমাকে বলে পাঠিয়েছেন।’’ গ্রামে বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলের এহেন পঞ্চায়েত ভোটের প্রচার বেশ অভিনব। মমতার হয়ে ভোট চাওয়া মা লক্ষ্মীকে দেখতে ভিড় জমাচ্ছে কচিকাঁচাদের দলও।
শুধু রাধানগর নয়, নবগ্রাম, সিংহডাঙার মতো একাধিক গ্রামে এভাবেই প্রচার করছেন তৃণমূল নেতাকর্মীরা। সঙ্গে রয়েছেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থীরাও। মূলত এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করেই প্রচার চলছে গ্রামে গ্রামে। সেটাই হয়ে উঠেছে তৃণমূলের হাতিয়ার। অনেকে আবার এও বলছেন, সিপিএম, বিজেপি, কংগ্রেসকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। মূলত মহিলা ভোটারদের কাছে টানতেই এহেন প্রচার করছে তৃণমূল।
সংসার সামলে ভোটযুদ্ধে তিন জা, হাওড়ায় বোসবাড়ির বৌমাদের হাড্ডাহাড্ডি লড়াই