দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভাবা যায়! একবিংশ শতাব্দীতে ভূতের আতঙ্কে প্রায় ফাঁকা গোটা গ্রাম। ঘরে তালা লাগিয়ে গ্রামবাসীরা চলে যাচ্ছেন অন্যত্র। আর এই ঘটনা ঘটছে খোদ বাংলায়।
ওল্ড মালদহ থানার আদিবাসী অধ্যুষিত ভাবুক পঞ্চায়েতের বাসুদেবপুর। সেখানেই গ্রাস করেছে ভূতের আতঙ্ক। গত একমাসে এই গ্রামেরই পাঁচজনের মৃত্যু হয়েছে। কারও হঠাৎ জ্বর, কারও আবার পেটের অসুখ। আর তারপর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন ভূতে মানুষ খাচ্ছে।
ফাঁকা গ্রাম। গা ছমছমে পরিবেশ। হাতেগোনা কয়েকজন রয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের চোখে মুখেও আতঙ্ক। বাড়ির উঠোনে বাছুর, মুরগি ঘুরছে। অথচ দুয়ার এঁটে বসে রয়েছেন তাঁরা। একটাই কথা, "ভূতে বাসা বেঁধেছে। সবাইকে খেয়ে ফেলছে।"
যদিও পুরো বিষয়টিকে কুসংস্কার এবং বিভ্রান্তি ছড়ানোর একটা কৌশল বলে মনে করছে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তারা। মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, এরকম বিষয়ে কিছু জানা নেই । ব্লক প্রশাসনের মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম পাহানি জানিয়েছেন, "বাসুদেবপুর গ্রামে আদিবাসীদের মধ্যে একটা ভূত আতঙ্ক ছড়িয়েছে। ভূতের ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকে বলে শুনেছি। এটা নিছকই একটা ভ্রান্ত ধারণা। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।"
শুক্রবার বাসুদেবপুর এলাকায় গিয়ে দেখা যায় খাঁ খাঁ করছে গোটা গ্রাম। অধিকাংশ বাড়িতে তালা মারা রয়েছে। যাঁরা আছেন এখনও তাঁরা ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোনোর সাহস করতে পারছেন না । ভূতে নাকি গ্রামে তাণ্ডব চালাচ্ছে । সন্ধের পর নানান রকমের আওয়াজ শুনতে পাচ্ছেন বলে দাবি গৃহবন্দি গ্রামবাসীদের।
স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে জানা গিয়েছে, ওই গ্রামে ৩০টি পরিবার রয়েছে । এই মৃত্যুর ঘটনার পর ভূত আতঙ্কে সেখান থেকে ২৭টি পরিবার বাড়িতে তালা মেরে অন্যত্র চলে গিয়েছে। জানা গিয়েছে, মারাং সরেন(৪৫), দীনেশ মুর্মু (৩৫), সিংরায় কিসকু (৩১), সুমাই কিস্কু (৩০) এবং আমিন মার্ডি (৪০) - এই পাঁচ জনের মৃত্যু হয়েছে গত এক মাসে। এরপরই এই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
মৃত সিংরায় কিস্কু'র এক দাদা মাতু কিস্কু বলেন, "আমার ভাইয়ের পেটে যন্ত্রণা হয় । আর তার কয়েক দিনের মধ্যে সে মারা যায় । একই রকম ভাবে পর পর পাঁচ জন গ্রামে মারা গিয়েছে। গ্রামের সুস্থ-সবল মানুষদের হঠাৎ করে এরকম ভাবে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনার পরই ভূতের আতঙ্ক ছড়িয়েছে । সবাই বলছে গ্রামে নাকি ভূত ভর করেছে । ভূতের আতঙ্কে সবাই গ্রাম ছেড়েছেন । আমরাও ভাবছি কোথাও চলে যাব।"
শনিবার ওই এলাকায় যাওয়ার কথা মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলার সম্পাদক সুনীল সরকার বলেন, "আমরা শুনেছি। শনিবারই সংগঠনের একটি দল গ্রামে যাবে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সচেতনতামূলক প্রচার চালাব। যাতে সবাই গ্রামে ফেরেন, ভয় কাটে তার পদক্ষেপ করব।"