
শেষ আপডেট: 23 September 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রাত তখন বেশ গাঢ়। রাতের খাওয়া-দাওয়া সেরে প্রায় আধো ঘুমে প্রতিবেশীরা। হঠাৎই সেইসময় পাশের বাড়ি থেকে তাঁরা শুনতে পান ‘বাঁচাও! বাঁচাও!’ চিৎকার। মহিলা কণ্ঠে এমন আর্তনাদ শুনে সঙ্গে সঙ্গে বাড়িটির দিকে ছুটে আসেন সবাই। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে ওই বাড়ির বধূ মাম্পি মেটা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal) দাসপুরে। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেও ওই বধূর (housewife) শ্বশুর ও শাশুড়ি পরেশ মেটা ও ঊষা মেটাকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে মাম্পির চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে সেই বাড়িতে যান। তাঁদের অভিযোগ, বাইরে থেকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও কারও সাড়াশব্দ মেলেনি। শেষে বিপদ বুঝে সবাই দরজা ভেঙে ভিতরে ঢোকেন। চোখ-মাথা থ্যাঁতলানো অবস্থায় তখন মাম্পির রক্তাক্ত শরীর খাটের তলায় শুইয়ে রাখা ছিল। মেঝেতেও পড়েছিল চাপ চাপ রক্ত পড়ে।
পাড়া প্রতিবেশীদের অভিযোগ, মাম্পির উপর তাঁর শ্বশুর-শাশুড়ি রোজ শারীরিক অত্যাচার চালাতেন। ওঁর স্বামী প্রশান্ত ভিনরাজ্যে সোনার কাজ করেন। দম্পতির একটি বছর দুয়েকের সন্তানও রয়েছে। শুক্রবার রাতে যখন মাম্পিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। এখনও ঘাটাল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। এদিকে শনিবার সকালেই মাম্পি ও প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে তাঁর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে দাসপুর থানার পুলিশ।
প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারু মার্কেট এলাকার 'বিপজ্জনক' বাড়ি! আহত ২