
শেষ আপডেট: 4 September 2023 12:07
দ্য ওয়াল ব্যুরো: পার্টি অফিসের মধ্যেই দরজা বন্ধ করে দলের এক নেত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দলেরই জেলা সম্পাদকের বিরুদ্ধে (Gangarampur BJP leader)। নিগৃহীতা নেত্রী নিজে বিজেপির টাউন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। মারের চোটে তিনি গুরুতর আহত হয়ে পড়েন বলে খবর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিজেপির দলীয় কার্যালয়ে। অভিযুক্ত জেলা সম্পদকের নাম কানাই বিশ্বাস। অভিযোগ, তিনি ওই নেত্রীর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। চাওয়ার পরেও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি। রবিবার রাতে অভিযুক্ত এবং ওই নেত্রী দুজনেই পার্টি অফিসে গিয়েছিলেন। তখন কানাই বিশ্বাসের কাছ থেকে টাকা ফেরত চান ওই নেত্রী। তাতেই নাকি খেপে ওঠেন পদ্ম শিবিরের ওই নেতা।
সেই সময় পার্টি অফিসের বাইরে বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মী থাকলেও ভিতরে আর কেউ ছিলেন না। সেই সুযোগেই অফিসের দরজা বন্ধ করে ওই মহিলাকে কানাই বিশ্বাস বেধড়ক মারধর করে বলে অভিযোগ (BJP leader thrashed woman)। সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা নেতারা কেউই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন নিগৃহীত মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর থেকে ধার নেওয়া টাকা ফেরত চাওয়ার কারণেই কানাই বিশ্বাস তাকে এভাবে মারধর করেছে।
কার্যালয়ের ভিতর এমন ঘটনার খবর বাইরে আসতেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত নেতাও। দলের তরফ থেকে তাঁকে এবং নিগৃহীত মহিলাকে এই মুহূর্তে কোনও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে বারণ করা হয়েছে। বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, এমন ঘটনা একেবারেই কাম্য নয়। তিনি আরও জানিয়েছেন, পার্টি অফিস ব্যক্তিগত বিবাদ মেটানোর জায়গা নয়। এ ব্যাপারে দুজনের সঙ্গেই কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ডেঙ্গি-ম্যালেরিয়ার যম ভিয়েতনামি মশারি বিলি করবে কলকাতা পুরসভা, মশা বসলেই পটাপট মরবে