
শেষ আপডেট: 11 September 2023 06:14
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিডিও অফিস নয় পিডিও অফিস। অর্থাৎ পকেট ডেভলপমেন্ট অফিস। এভাবে ব্যঙ্গ করেই স্থানীয় বাসিন্দাদের একাংশ সাত আটটি চিঠি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতিকে। যা কার্যত আলোড়ন ফেলেছে এলাকায়। গলসি (Galsi TMC Agitation) ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতির মারফত পাঠানো হয়েছে এই চিঠি।
এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। এমন ঘটনার চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। এমনকি গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সহ সভাপতি অনুপ চ্যাটার্জির অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি দলের নির্দেশ মেনে দোলন দত্তকে সহ সভাপতির করার দাবি জানানো হয়।
জানা গেছে, পঞ্চায়েত সমিতি গঠনে সভাপতি ও সহ সভাপতি পদে নাম আসে আলপনা বাগদি ও দোলন দত্তের। সভাপতির ঠিক থাকলেও সহ সভাপতি করা হয় আগের বোর্ডের সহ সভাপতি অনুপ চ্যাটার্জিকে। বিষয়টি নিয়ে লিখিতভাবে এলাকার সাত আটটি অঞ্চল থেকে জেলা তৃণমূল সভাপতির কাছে আপত্তি জানানো হয়। গলসি ১ নম্বর ব্লকের বিডিওকেও নিশানা করা হয়। অভিযোগে ব্য়ঙ্গ করে লেখা হয়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুপ চ্যাটার্জি সহ সভাপতি থাকাকালীন বিডিও অফিসকে পিডিও অর্থাৎ পকেট ডেভলপমেন্ট অফিসে পরিণত করেছে।
এই বিষয়ে বিধায়ক নেপাল ঘড়ুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফোনে পাওয়া যায়নি গলসি ১ নম্বর ব্লকের বিডিও দেবলীনা দাসকেও। অনুপ চ্যাটার্জিকে ফোনে ধরা গেলেও তিনি ‘মিটিংয়ে আছি’ বলে এড়িয়ে যান। তবে গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি বলেন, “আমাকে অন্ধকারে রেখে বিধায়ক ও তাঁর সঙ্গীরা পঞ্চায়েত নির্বাচনে প্রতীক বণ্টন করেছে। ঠিক সেইভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে। এলাকার বাসিন্দাদের চিঠি পেয়ে তা জেলা সভাপতিকে পাঠিয়েছি।
আরও পড়ুন: জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিংয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই প্রসব হাসপাতালে